ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। বিষয়টি মানতে পারেনি বিএনপি। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) গঠিত কমিটির সভা চলাকালে বিএনপি-জামায়াতের দুই পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে হাসপাতালে আরেক দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ব্যবস্থাপনা কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন। উভয়পক্ষের আহতরা হলেন- জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রূপচাঁদ আলী, ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, রেহেনা খাতুন, সুমন, রহমতুল্লাহ, ফয়জুল্লাহ, সলেমান মণ্ডল, তোতা মিয়া ও সফর আলী। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুপুর ১২ টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে জামায়াত-বিএনপির আহত নেতাকর্মীরা আরেক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সেবা নিতে আসা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। হামলার বিষয়ে বিএনপি ও জামায়াত পরস্পরকে দোষারোপ করছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিএনপি-জামায়াতের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, গত চার মাস আগে বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে মারামারির সূত্রপাত হয়। একপক্ষ গঠিত কমিটি মানতে নারাজ। তারাই বৃহস্পতিবার এ হামলা চালায়। এখনো কোনো পক্ষ মামলা করেনি। তবে দুই পক্ষ মামলা দিলে তা রেকর্ড করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

