প্রতিদিনের ডেস্ক
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার সময়েও কিছুটা আশাবাদী ছিল আগরার ব্যবসায়ীরা। কিন্তু যখন শুল্ক দ্বিগুণ হয়ে গিয়ে ৫০ শতাংশে পৌঁছাল, তখন তাদের মধ্যে হতাশা বাড়তে শুরু করেছে। আগরা, যা মূলত জুতো এবং চামড়াজাত পণ্যের জন্য পরিচিত, প্রতি বছর বিশাল পরিমাণ রপ্তানি করে বিশেষ করে আমেরিকার বাজারে। তবে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে, ব্যবসায়ীরা আরো কঠিন পরিস্থিতিতে পড়েছেন।তাদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে অন্য দেশগুলো, যেমন বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া, ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাবে। আগরা ছাড়াও, কলকাতা, চেন্নাই, কানপুরও ভারতের চামড়া এবং জুতো উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রায় দশ হাজার মাইক্রো ইউনিট এবং শতাধিক ছোট, মাঝারি ও বড় শিল্প রয়েছে। কাঁচামাল মূলত কানপুর এবং চেন্নাই থেকে আসে। এ ছাড়া তুরস্ক থেকেও চামড়া আমদানি করা হয়। আগরার চামড়ার শিল্পে এক লাখেরও বেশি মানুষ কর্মরত। এতদিন ভারতের পণ্যে শুল্ক ছিল পাঁচ থেকে আট শতাংশ, যা এখন এক লাফে ২৫ শতাংশে পৌঁছেছে। এই অবস্থাতেও কিছুটা ব্যবসা চলছিল, তবে শুল্কের পরিমাণ ৫০ শতাংশ হওয়ার ফলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আগরার চামড়ার প্রধান বাজার ইউরোপ হলেও, আমেরিকার বাজারে তারা সম্প্রতি ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছিল। গত চার মাসে আগরার মোট রপ্তানি প্রায় অর্ধেকই গিয়েছিল আমেরিকায়। ৫ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে এখানে। আমেরিকার বাজারে ব্যবসা প্রসারিত হওয়ায় অনেক বিনিয়োগকারীও আশাবাদী ছিলেন, কিন্তু শুল্ক বৃদ্ধির ফলে তাদেরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
