২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাজ্জাদ হোসেন সাজু (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখার সহায়তায় কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণবাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন ৯নং আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালীন সময়ে ছাত্র ও জনতাকে আন্দোলনে বাধা দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি সরকার বিরোধী অপতৎপরতায় জড়িত ছিলেন এবং জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বাধা সৃষ্টি ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।এফআইআর নং-২৩ (তারিখ: ৮ সেপ্টেম্বর ২০১৪) গত ৪ আগস্ট ২০২৪ বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে যশোর শহরের লালদিঘীর পশ্চিম পাশে বিএনপি অফিসে সাজ্জাদসহ একদল আওয়ামী লীগপন্থী নেতা-কর্মী হামলা চালায়। তারা প্রথমে অফিস থেকে ল্যাপটপ, স্টিলের আলমারি, দেয়াল ঘড়িসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিন্নভিন্ন করে এবং বিভিন্ন কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলাকারীরা টানা ৪০ মিনিট তাণ্ডব চালায়। তাদের মধ্যে মাহামুদ হাসান বিপুল, শাহাজান কবির শিপলু, সুজন, রাসেল, রেজওয়ান, হাজী সুমন, শাহাবুল, কষাই মনিরসহ অনেকে হাতে পেট্রোল বোমা বহন করছিলেন। আরেক দফায় হিটার নয়ন, লাল্টু, আনোয়ার হোসেন সবুজ, রাজু আহম্মেদ, আলিমুজ্জামান মিলন, হাদিউজ্জামান চিমা, কালো ফারুখ চঞ্চল, মামুনসহ অনেকে একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করে। ঘটনার সময় অফিস সহকারী মনিরুল আসলাম (৩৬) ভিতরে ঘুমাচ্ছিলেন। তিনি অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের কারণে প্রাণ হারাতে পারতেন, তবে কোনোমতে পালিয়ে বেঁচে যান। পথচারী মাহবুব আলম কালুসহ অনেকে এ ঘটনার প্রত্যক্ষদর্শী। অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতা অস্ত্র ও বোমা সরবরাহসহ আর্থিক সহায়তা ও হামলার পরামর্শ দিয়েছিলেন। হামলার সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে সাজ্জাদ হোসেনের সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়