নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির জেলা কার্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগ নেতা মহিউদ্দীন রিমনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় জনতার সহায়তায় শহরের লালদিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিমন শহরের নাজির শংকরপুর এলাকার ফিরোজের বাড়ির ভাড়াটিয়া এসএম আব্দুর রবের ছেলে। তিনি সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন জেলা আওয়ামী লীগের একটি মিছিল থেকে কয়েকজন যুবক ও সন্ত্রাসী যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভাংচুর ও লুটপাটের পর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ঘটনার পর থেকে মামলার সন্দেহভাজন আসামি রিমন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে তিনি সরকারবিরোধী তৎপরতার সঙ্গেও যুক্ত বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। বুধবার বিকেলে আটক রিমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

