২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমন আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন জনরোষে পড়ে পুলিশের হাতে ধরা দিয়েছেন। তিনি মায়ের জন্য ওষুধ কিনতে শহরের লালদীঘিপাড়ে এসেছিলেন। আটক নাজির শংকরপুর এলাকার ফিরোজের বাড়ির ভাড়াটে এসএম আব্দুর রবের ছেলে রিমন। বুধবার (২০ আগস্ট) শহরের লালদীঘি পাড়ের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনছিলেন। এ সময় স্থানীয়রা তাকে চিনতে পেরে ঘিরে ফেলেন। এক পর্যায়ে কোতয়ালি থানার একদল পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহিউদ্দিন রিমনের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করে রিমাণ্ড চাওয়া হবে। আটক মহিউদ্দিন রিমন থানা হেফাজত থেকে জানান, তিনি অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে লালদীঘি পাড়ের একটি ফার্মেসিতে এসেছিলেন। এ সময় স্থানীয় কিছু লোক তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। তার দাবি-বিএনপি অফিস ভাংচুরে তিনি জড়িত না। মামলায় নাম আছে কি-না, তাও জানা নেই তার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়