প্রতিদিনের ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপ আসছে আর এক বছর বাদেই। ২০২৭ সালে অনুষ্ঠেয় এই বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক কমিটিও গঠন করা হয়েছে, জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মোট ৫৪ ম্যাচের মধ্যে বেশিরভাগই হবে দক্ষিণ আফ্রিকায়। হাতে গোণা কয়েকটি ম্যাচ হবে জিম্বাবুয়ে আর নামিবিয়ায়। আরেকটু স্পষ্ট করে বললে, ৪৪টি খেলা হবে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে। বাকি ১০টি ম্যাচ বসবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এই আসর দিয়ে আফ্রিকান মুল্লুকে ওয়ানডে বিশ্বকাপ ফিরবে দুই যুগ পর। সর্বশেষ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় বসেছিল এই আসর। এরপর দক্ষিণ আফ্রিকা আয়োজন করেছে দুটি নারী বিশ্বকাপ। ২০০৫ সালে ওয়ানডে ও ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে যায় প্রোটিয়ারা। এবার তারা ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে প্রস্তুতি নিচ্ছে। আয়োজক কমিটির প্রধান করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েলকে। সিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গেবেখা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্লে। সিএসএ চেয়ারম্যান পার্ল মাফোশে বলেছেন, ‘সিএসএ’র লক্ষ্য একটি বিশ্বমানের, অনুপ্রেরণাদায়ী আসর আয়োজন করা। যেখানে প্রতিফলিত হবে দক্ষিণ আফ্রিকার আসল চেহারা—বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও ঐক্য।’

