২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনা

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন তারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ১ হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।শাহবাজ শরিফ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এ ধরনের বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে।বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানান অধ্যাপক ইউনূস। ১১টি কমিশনের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাংলাদেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে আছে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে, যেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকবে।বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসকের উত্থান না হয়, সে লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।উভয় নেতা অভিমত প্রকাশ করেন যে, সম্প্রতি কয়েক বছরে সার্ক কার্যত নিস্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিকল্প উপায় অনুসন্ধান করা উচিত।শাহবাজ শরিফ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি-বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়