প্রতিদিনের ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার ও বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ালে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই কোনো ঘটনার সত্যতা যাচাই না করে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে বলা হয়েছে। ব্যাগ বা থলে নিয়ে প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়। পাশাপাশি সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপন যন্ত্র ও গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং প্রয়োজন হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখার নির্দেশনা রয়েছে। নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি তাদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথা বলা হয়েছে।এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে, অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট ব্যবহার করতে বলা হয়েছে।এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন আরও জানান, জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহানগর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ফায়ার সার্ভিসসহ বিভিন্ন কন্ট্রোল রুমের ফোন নম্বর এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। দুর্গাপূজা চলাকালে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সারাদেশে তৎপর রয়েছে।প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কন্ট্রোল রুম ০১৭৭৭৭২০০২৯; ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করুন।যে কোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

