১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বার্সেলোনার লা লিগা ম্যাচ মায়ামিতে খেলার অনুমতি দিল উয়েফা

প্রতিদিনের ডেস্ক
লা লিগা মানেই স্পেনের ঘরোয়া ফুটবল। তবে এবার ব্যতিক্রম ঘটছে একটি ম্যাচে। চলতি মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলতে যাচ্ছে বার্সেলোনা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই আয়োজনের জন্য অনুমতি চেয়েছিল উয়েফার কাছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিশেষ বিবেচনায় এই ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে। উয়েফা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ফিফার বর্তমান নীতিমালা এই ধরনের ঘটনার ক্ষেত্রে পর্যাপ্তভাবে স্পষ্ট নয়, সেখানে নির্দিষ্ট দিকনির্দেশনার অভাব রয়েছে। তবে উয়েফা জোর দিয়ে জানিয়েছে, নীতিগতভাবে তারা নিজেদের দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের বিরোধিতা করে। উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘সোমবার আমরা আবারও স্পষ্ট করে বলছি, নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের বিরোধিতায় অটল রয়েছে উয়েফা। গত মাসে আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ করা হয়। সেখানে ভক্ত, লিগ, ক্লাব, খেলোয়াড় ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যাপক আপত্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যেহেতু সংশ্লিষ্ট ফিফা নীতিমালা, যা বর্তমানে পর্যালোচনার অধীন আছে, তা পর্যাপ্ত স্পষ্ট ও বিস্তারিত নয়, ফলে উয়েফা নির্বাহী কমিটি ব্যতিক্রম হিসেবে এই দুটি প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন করেছে। ভবিষ্যতে যেন ঘরোয়া প্রতিযোগিতার স্বকীয়তা ও ক্লাব–সমর্থক সম্পর্ক অক্ষুণ্ন থাকে, সে লক্ষ্যে ফিফার সঙ্গে কাজ করবে উয়েফা।’ বার্সেলোনা–ভিয়ারিয়ালের ম্যাচ ছাড়াও একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতালিয়ান সিরি আ ম্যাচ নিয়েও। কোমোর বিপক্ষে এসি মিলান আগামী ফেব্রুয়ারিতে খেলবে অস্ট্রেলিয়ার পার্থে। ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জুলাইয়েই ম্যাচটির জন্য সবুজ সংকেত দিয়েছিল। সান সিরোয় ঐদিন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় ম্যাচটি সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশে। এর আগে আরএফইএফ গত আগস্টে যখন মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজনের অনুমোদন দেয়, তার পরদিনই এক বিবৃতিতে এর বিরোধিতা করে রিয়াল মাদ্রিদ। তাদের দাবি, লা লিগার ম্যাচ বিদেশে আয়োজন ‘লিগের ঐতিহ্য ও ভারসাম্যের পরিপন্থী’। এখন কনকাক্যাফ ও যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের পর ফিফার চূড়ান্ত অনুমোদন পেলেই ডিসেম্বরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচ। আর যদি শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়, তাহলে স্পেনের বাইরে অনুষ্ঠিত হওয়া লা লিগা ইতিহাসের প্রথম ম্যাচ হবে এটি। এদিকে লা লিগা সূচি অনুযায়ী ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচ হওয়ার কথা ডিসেম্বরের ২২ রারিখ বাংলাদেশ সময় রাতে। কিন্তু ২১ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এনএফএলের দল সিনসিনাটি বেঙ্গলসের বিপক্ষে মাঠে নামবে মায়ামি ডলফিনস! এখন শেষ পর্যন্ত কি হয় তা দেখতে অপেক্ষা করতে হবে সব অনুমতি শেষে ম্যাচের সূচি নির্ধারিত হওয়া পর্যন্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়