নিজস্ব প্রতিবেদক
যশোর উপশহর পার্ক এলাকায় আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসের মালিক মনিরুল ইসলাম এ ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহিনুর রহমান শাহিন জানিয়েছেন, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনও পর্যন্ত কেউ আটক হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। অপর কয়েকটি সূত্রের দাবি-মামলায় যে দু’জনকে প্রধান আসামি করা হয়েছে, তারা সরকার পতনের পর থেকে পলাতক। শোনা যায় তারা ভারতে আশ্রয় নিয়েছেন। ফলে মামলাটিতে তাদের আসামি করায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। রাজনীতি সচেতন মহল বলছেন-আসল আসামি খুঁজে বের করে শাস্তি দেয়া জরুরী কিন্তু যারা দেশেই নেই, তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করে মামলাটি রাজনৈতিক হয়ে গেছে। বাংলাদেশে কোনো মামলা রাজনৈতিকরুপ পেলে তার বিচার অনিশ্চিত হয়ে যাওয়ার নজির রয়েছে। যাকে বলে রাজনীতিকরণ। স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতের ফজরের নামাজের কিছুক্ষণ পর বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন। পরে বাসের আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির সিট, বডি এবং যন্ত্রাংশ ব্যাপকভাবে পুড়ে গেছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

