আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্ন করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন কী হয়েছে, আপনারা জানেন।” রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসপি আরেফিন জুয়েল বলেন, “প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা সেভাবেই কাজ করব। দেশের জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই।” তিনি বলেন, “নির্বাচনে কে জিতল আর কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয়। আমরা সততা, নিরপেক্ষতা এবং দক্ষতার পরিচয় দেব। এজন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে; আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তারা করবেন।” সীমান্তে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান এসপি আরেফিন জুয়েল। তিনি জানান, অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, ফরিদ আহমেদ ময়না, রাম কৃষ্ণ চক্রবর্তী, আকরামুল ইসলাম, মোশাররফ হোসেন, গোলাম সরোয়ার ও বিপ্লব হোসেন। এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, শাহীন গোলদার, আমেনা বিলকিস ময়না, রঘুনাথ খাঁ, বেলাল হোসাইন, মশিউর রহমান ফিরোজ, আসাদুজ্জামান সরদারসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

