প্রতিদিনের ডেস্ক:
ক্ষতি করার ভয় দেখিয়ে চাঁদা দাবির মামলায় আত্মসমর্পণের পর দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুল হক দুররানী। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জামিন চেয়ে শুনানি করেন।
শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১২ নভেম্বর রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার শামসুল হক দুররানীকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।মামলায় অভিযোগ করা হয়, রাজিবুল ইসলাম জামালপুরের মেলান্দহ থানাধীন উপজেলা বীজ অফিসের এক কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকার একটি কাজ চলমান রয়েছে।দীর্ঘদিন যাবত এ কাজের সাইটে অজ্ঞাত কিছু লোক কাজে ব্যাঘাত করার চেষ্টা করছে। গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে একটি নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপে কল করে অজ্ঞাত এক ব্যক্তি রাত ৭ টার দিকে তাকে সাভার বাসস্ট্যান্ডে এসে দেখা করতে বলেন। জামালপুরে সাইটের কাজে যে ঝামেলা চলছে তা সমাধান করে দিবে বলে জানায়। রাজিবুল ইসলাম ৭ টার দিকে ঢাকা থেকে সাভার বাসস্ট্যান্ডে যান।সেখানে তাদের দেখা হয়। জামালপুরের সাইটের কাজ সঠিকভাবে করতে ২০ লাখ টাকা চান শামসুল হক দুররানী। টাকা না দিলে কাজ করতে পারবে না বলে হুমকি দেয়। পরে সবার সাথে আলাপ করে মামলা দায়ের করেন রাজিবুল ইসলাম।

