আলমগীর হোসেন, পাটকেলঘাটা
নিয়ম নীতির তোয়াক্কা না করে তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার অসীম কুমার হাওলাদারের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভুমি মালিক, সেবা গ্রহীতারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে একাধিকবার মৌখিকভাবে জানিয়েও কোন কাজ হয়নি। গত ২৩/০৯/২০২৫ ইংরেজি তারিখে জাল দলিল থেকে প্রায় দুলক্ষ টাকা বিনিময়ে একটি নাম পত্তন করে দেয় যার দলিল নাম্বার ২০১৫ ইসলামকাটি রেস্ট্রি অফিস তাং ২১/০৪/২০১০ ও ৪৩০৯ইসলামকাটি রেজিস্ট্রি অফিস ০৪/১২/২০০৭।আগত খতিয়ান নাম্বার ১৯৫৯,১৯৬৮ ও ৩৫১। হোল্ডিং নং ২৫-২৪৬৪ মামলা নং ৩০০৭ ইং ২০২৫/২৬। হরিহর নগরের মৃত মোহাম্মদ এবাদুল হক শেখ ছোট বউয়ের মেয়ে স্বপ্না খাতুনকে টাকার বিনিময়ে এই নাম পত্তন করে দেয়। তার সৎ ভাই মিন্টু শেখ বলেন আমি লেখাপড়া জানিনা কাগজপত্র ভালো বুঝি না আমার বোন জাল দলিল করে আমাকে ফাঁকি দিয়ে নাম পত্তন করে নাই। খেশরা ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী ভূমি মালিকরা জানান, অনিয়ম, ঘুষ ,দুর্নীতি, হয়রানি ,স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসীম কুমার হাওলাদার সহ তার অফিসের সহকারীর বিরুদ্ধে। সরকারি নিয়মে নামজারীর জন্য ১১৭০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও সেখানে ক্ষেত্র বিশেষে ৯ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তহশীলদার এবং তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে। ঘুষ দিতে অস্বীকার করলে প্রথমে জমির কাগজপত্রে ভুল দেখিয়ে হয়রানি করতে থাকেন। দাবি মতে অতিরিক্ত টাকা দিলেই কাজ হয় নিমিষে। নামজারির জন্য সর্বনিম্ন ৭হাজার টাকা থেকে শুরু করে কাগজপত্র ভুল দেখিয়ে ১০,১৫,২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হরিয়ার নগরের আসাদুল ইসলাম শেখ বলেন দুর্নীতির দায়ে এই নায়বকে সাত মাস আগে অন্য অফিসে বদলি করা হয়েছিল, বিভিন্ন মেকানিজম করে পুনরায় পূর্বের কর্মস্থলে ফিরে আসেন। একই গ্রামের আসাদুল হক বলেন স্বৈরাচার আওয়ামী লীগের দোসর সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমারের ভাগ্নে হযওয়াই প্রভাব খাটিয়ে অডেল সম্পদের মালিক হয়েছেন। নামে বেনামে করেছে কোটি কোটি টাকার সম্পদ। এ বিষয়ে তহশিলদার অসীম কুমার এর কাছে জানতে চাইলে বলেন আমি কোন ভুল করলে আমার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে আপনাদের কাছে কেন তথ্য দিব। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নিকট জানতে চাইলে বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে আমরা অলরেডি খতিয়ানটি বাতিল করছি নায়েব সরাসরি জড়িত থাকলে কর্তৃপক্ষের সাথে কথা বলে নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

