প্রতিদিনের ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানির নির্ধারিত দিনে আজ মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় জিয়াউলসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের আজ দিন ধার্য রয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।গত ২৬ অক্টোবর এ মামলায় জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। ওইদিন শুনানি শেষে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।এ মামলার ১১ আসামির মধ্যে ৪ আসামির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও জিয়াউল আহসান।প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, গুমের অভিযোগে একটি বিবিধ মামলা (মিস কেস) অনেক দিন ধরে চলছে।এ মামলায় এরই মধ্যে দুটি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। যেখানে দুটি মামলায় ২৫ জন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। আরেকটি অংশের (যে মামলার শুনানি হয়েছে) তদন্ত চলছে। সেই তদন্তও শেষ পর্যায়ে।এ মামলায় কিছু আসামির নাম ওই দুটি মামলায় আসামি হিসেবে চলে এসেছে। তাই তাদের আর এ মামলায় যুক্ত করা হবে না বলে জানান প্রসিকিউটর তামীম।

