২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে বিদেশি পিস্তল উদ্ধার

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় গভীর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি বিদেশি (ইউএসএ) পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর ) রাতে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওয়াপাড়া এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে একটি ইটের গাদার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন বা গুলি পাওয়া যায়নি।
সূত্রে আর জানা গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুহুল আমিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তদন্ত কার্যক্রম চালাচ্ছে। অভিযানটি পরিচালনা করেন অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি)-এর কমান্ডার ক্যাপ্টেন আকিব আহম্মেদ আফনান-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং অভয়নগর থানা পুলিশের সদস্যরা। অভিযানের সময় আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যৌথবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, এবিষয়ে একটি নিয়মিত মামলার আওতায় এনে তদন্ত অব্যাহত রয়েছে । তিনি আরও জানান, অস্ত্রটি কারা, কী উদ্দেশ্যে এবং কতদিন আগে সেখানে রেখে গেছে, সে বিষয়ে গভীর তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়