নড়াইল সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে স্বতন্ত্র হিসেবে একজন নারীও মনোনয়ন ফরম কিনেছেন। নড়াইল-১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে এ আসনে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি দল মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের নড়াইল জেলার উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা আমির আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের জেলা সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিস থেকে মুফতি আবদুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সোয়েব আলী এবং স্বতন্ত্র হিসেবে ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রসঙ্গত নড়াইল-১ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ১৫৫ এবং নড়াইল-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৯৮৭ জন।

