৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বঙ্গোপসাগর থেকে আবারও মিসাইল উৎক্ষেপণ ভারতের

প্রতিদিনের ডেস্ক:
বঙ্গোপসাগর থেকে আবারও মিসাইল উৎক্ষেপণ করল ভারত। নতুন পরীক্ষা চালানো মিসাইলটির নাম প্রলয়। এর আগে গত ২৩ ডিসেম্বর পিনাকা নামের একটি মিসাইলের পরীক্ষা চালায় দেশটি। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দুটি মিসাইলের সফল পরীক্ষার দাবি করল ভারত। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ ওড়িশা উপকূল থেকে পরীক্ষামূলকভাবে দুটি প্রলয় মিসাইলের উৎক্ষেপণ করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)। রুটিন পরীক্ষার অংশ হিসেবে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের চাঁদিপুরে থাকা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ট্র্যাকিং সেনসর এবং জাহাজ থেকে যে তথ্য পাওয়া গেছে, তা থেকে স্পষ্ট হয়েছে যে, দুটি মিসাইলই নির্দিষ্ট পথ ধরেই এগিয়ে গেছে। পূরণ করেছে যাবতীয় মাপকাঠি।ডিআরডিও দাবি করেছে, নিখুঁতভাবে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে পারে প্রলয়। বহন করতে পারে বিভিন্ন ধরনের অস্ত্র।
প্রলয় মিসাইলের রেঞ্জ কতটা?
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রলয় মিসাইলের রেঞ্জ মোটামুটি ১৫০-৫০০ কিলোমিটারের মতো। আর ৫০০-১,০০০ কিলোগ্রামের মতো অস্ত্র বহন করতে পারে এই মিসাইল।
সূত্র: ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইম

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়