১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

প্রতিদিনের ডেস্ক
নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ কত কিছুই না করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, ২০২৬ সালে পা রাখার পর আবারও বিমানে চড়ে ২০২৫ সালে ফিরে গিয়ে দ্বিতীয়বার নতুন বছর উদযাপন করবেন? ঠিক এমনটাই ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রে। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার মাধ্যমে এই ‘সময় ভ্রমণ’ বা টাইম ট্রাভেলের স্বাদ নিয়েছেন তারা। অ্যাভিয়েশন ডেটা প্ল্যাটফর্ম-এর তথ্য অনুসারে, মোট ১৪টি যাত্রীবাহী বিমান ২০২৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর গন্তব্যে পৌঁছায়। এর মধ্যে অন্যতম ছিল ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট বোয়িং ৭৭৭। বিমানটি ১ জানুয়ারি রাত ১২টা ৩৪ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করে এবং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে ৩১ ডিসেম্বর রাত ৯টা ২৮ মিনিটে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে। ফলে এই বিমানের যাত্রীরা মাঝ আকাশে একবার এবং ল্যান্ড করার পর লস অ্যাঞ্জেলেসে আরও একবার, অর্থাৎ একই দিনে দুইবার নতুন বছরকে বরণ করে নেন। অর্থাৎ, যাত্রীরা ২০২৬ সালে ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলেও তারা এমন এক জায়গায় নামলেন যেখানে তখনো ২০২৬ সাল শুরুই হয়নি। ফলে তারা একই বছরে দুইবার থার্টি ফার্স্ট নাইট এবং নববর্ষ উদযাপনের এক বিরল সুযোগ পান। এটি কোনো টাইম মেশিন বা সায়েন্স ফিকশনের কারসাজি নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং ‘আন্তর্জাতিক তারিখ রেখা’র কারণে সম্ভব হয়েছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এই কাল্পনিক রেখাটি মূলত ক্যালেন্ডারের একটি দিনকে অন্য দিন থেকে আলাদা করে। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এই রেখা অতিক্রম করার সময় ঘড়ির সময় ও তারিখ নাটকীয়ভাবে বদলে যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়