২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বিক্ষোভ করেছে উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে যশোরে বিক্ষোভ করেছে উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীরা। বুধবার এই দাবিতে বেলা ১২টার পর শিক্ষা বোর্ড কার্যালয়ের গেটের সামনে জড়ো হয় একদল শিক্ষার্থী। নির্বাচনী পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে এ সময় বিভিন্ন স্লোগান দেয় ও বোর্ড অফিসের সামনের সড়ক অবরোধ করে। এদিকে, শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক বলে একমত প্রকাশ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন নির্বাচনি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আশ্বাস দেন। আর তার এই আশ্বাসের পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। সম্প্রতি আন্তঃশিক্ষাবোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ২০২৬ সালের এইচএসসি’র নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হবে। পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। বোর্ড পরীক্ষার ফরমপূরণ ১১ মার্চ থেকে শুরু হবে।
আর এই বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা নির্বাচনি পরীক্ষা অনন্ত দুই সপ্তাহ পেছানোর দাবি জানিয়ে যশোর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানায়, এই নির্বাচনি পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত হঠাৎ করে চলতি জানুয়ারি মাসের প্রথমার্ধে পরীক্ষার তারিখ নির্ধারন করায় প্রস্তুতি নিয়ে আমাদের মধ্যে মানসিক সমস্যা তৈরি হয়েছে। আমরা দাবি জানাচ্ছি এই নির্বাচনি পরীক্ষা অন্তত দুই সপ্তাহ পিছিয়েছে দেওয়া হোক। বিক্ষোভ চলাকালে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বলেন, যৌক্তিক এই দাবির সাথে আমরাও একমত। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়