প্রতিদিনের ডেস্ক:
ইরানে সহিংস আন্দোলনের মুুখে টানা পাঁচদিন ধরে বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবা চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানে আবার ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।স্থানীয় সময় ররিবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এ কথা জানান। মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ইরানে ব্যবহারের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি (মাস্ক) এ ধরনের কাজে খুবই পারদর্শী। তার খুব ভালো একটি প্রতিষ্ঠান আছে। সাংবাদিক সম্মেলন শেষে তার সাথে কথা বলবো। যদিও মাস্ক কিংবা স্পেসএক্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। তেহরান বরাবরই দাবি করে আসছে, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপের কারণে আন্দোলন সহিংস পর্যায়ে রুপ নিয়েছে। তারা মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপের নিন্দা জানান।

