১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দুই যুগে চিরকুট

প্রতিদিনের ডেস্ক
দুই যুগে পদার্পণ করলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমির নেতৃত্বে এগিয়ে চলা ব্যান্ডটি দুই যুগে বাংলা গানের ভাণ্ডারে যুক্ত করেছে অসংখ্য জনপ্রিয় গান। স্বীকৃতিস্বরূপ মিলেছে দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননাও। তারই ধারাবাহিকতায় সম্মাননা ও কনসার্টে নতুন বছরের পথচলা শুরু হলো তাদের। গত ৩রা জানুয়ারি সিলেটে কনসার্টের মধ্যদিয়ে বছর শুরু করা চিরকুট ৯ই জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ডের স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করলো। এ আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত ব্যান্ডের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য সেরা ব্যান্ডের পুরস্কার পায় চিরকুট। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে পুরো দলকে নিয়ে উপস্থিত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি। দুই যুগে পদার্পণ প্রসঙ্গে সুমি বলেন, চিরকুট সব সময় নতুন গান তথা নতুন কথা ও সুরের অন্বেষণে থেকেছে। চিরকুট একটা প্রতিষ্ঠান হিসেবে বছরের পর বছর সদস?্যদের পাশে থেকে তাদের এগিয়ে রাখার চেষ্টা করেছে। মিউজিকে নতুন কিছু যুক্ত করার নিরীক্ষা করেছে। এর ফলেই অনেক মিউজিশিয়ানদের আঁতুড়ঘর হয়ে উঠেছে চিরকুট। পাশাপাশি মানুষের আনন্দ-বেদনায়, সংগ্রামে আমাদের গান যখনই বেজেছে আমরা অনুপ্রাণিত ও গর্বিত হয়েছি। দেশের বাইরে যখন বিশ্বের অন্যান্য প্রথম সারির ব্যান্ডের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বাংলা গান গেয়েছি, আমাদের চোখ ভিজেছে দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায়। সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থেকে যেতে চাই। নতুন বছরে নিজেদের পঞ্চম অ্যালবামে মনোনিবেশ করেছে চিরকুট। নিয়মিত দেশে ও বিদেশে কনসার্টেও যুক্ত থাকবে বছর জুড়ে। চিরকুট জানায়, আগামী বছর চিরকুটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘সিলভার জুবিলি’ উদ্‌যাপনের পরিকল্পনা রয়েছে তাদের। চিরকুটের বর্তমান লাইন আপ- পাভেল আরিন: ড্রামস, মিউজিক প্রডিউসার, প্রান্ত: গিটার, ম্যান্ডোলিন, সেতার, ইউকেলেলে, ইশমাম: বেইজ, দিব্য: লিড গিটার, ইয়ার: হারমোনিয়াম, কিবোর্ড, ভায়োলিন, ভোকাল, ফায়েজ সাগর: সাউন্ড ইঞ্জিনিয়ার, শারমিন সুলতানা সুমি: গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, ভোকালিস্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়