নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সোমবার সন্ধ্যা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় টহল দিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর বের হয়।এতে জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও সেনাবাহিনী এবং র্যাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩০টি গাড়ির বহরটি প্রথমে পুরাতন কসবার কাজীপাড়া ও কাঁঠালতলা এলাকায় যায়। এরপর পর্যায়ক্রমে উপশহর, মণিহার এলাকা, মুড়লি, শংকরপুর বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট এবং ধর্মতলা এলাকা প্রদক্ষিণ করে। অভিযান সংশ্লিষ্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে অন্তত অর্ধশত যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, নির্বাচনকে কেন্দ্র করে এ যৌথ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এ অভিযান শুরু হয়েছে। যা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নির্বাচনে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমুলক কর্মকান্ড রুখতে জেলা রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন। অভিযানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, ইনস্পেক্টর (অপারেশনস) মমিনুল হক এবং চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মামুন উর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

