২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আইন-শৃঙ্খলার চরম অবনতি

আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। খুন, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা সমাজে উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত নিকটবর্তী হচ্ছে, তত বাড়ছে রাজনৈতিক সংঘাত ও হতাহতের ঘটনা। সেই সঙ্গে প্রতিনিয়ত বাড়ছে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের ঘটনা। জানা যায়, ২০২৫ সালে কেবল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৪৩টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে রায়েরবাজারে ৪৬১ জনের এবং জুরাইন কবরস্থানে ১৭৫ জনের লাশ দাফন করা হয়। পোস্তগোলা শ্মশানে অন্য ধর্মের সাতজনের লাশ দাহ করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। এদিকে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৬ মাসে দেশে মোট চার হাজার ৭৩২টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে সংঘাতের ঘটনা বেড়েছে। যত্রতত্র লাশ উদ্ধার হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, দেশের বিভিন্ন থানায় প্রতি মাসে গড়ে প্রায় আড়াই হাজার অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি লাশ উদ্ধার করা হয়। গত বছর নদী থেকে ৪৪০টি মরদেহ উদ্ধার হলেও ১৪১ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো নদীতে হত্যার পর গুমের উদ্দেশ্যে ফেলা হচ্ছে লাশ। নৌ পুলিশের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও পরিচয় শনাক্ত করা না হওয়ায় বেশির ভাগ হত্যা মামলার কূল-কিনারা করা যায় না। আধিপত্য বিস্তার, ব্যক্তিগত বিরোধ, ঝগড়াঝাঁটিসহ নানা কারণেই বাড়ছে হত্যাকাণ্ড। এমনকি অতি তুচ্ছ ঘটনা বা কথা-কাটাকাটি থেকেও হত্যাকাণ্ড ঘটছে। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত খবর থেকে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দে প্রাইভেট কারে জ্বালানি তেল নিয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম। পাম্পের কর্মচারী রিপন সাহা টাকার জন্য সামনে গিয়ে দাঁড়ালে তাঁকে পিষে দিয়েই চলে যায় গাড়িটি। পুলিশ আবুল হাসেম ও তাঁর গাড়িচালককে আটক করেছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুজনকে গুলি ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। ময়মনসিংহে নির্বাচনী বিরোধে খুন হয়েছেন একজন। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক তরুণী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেওয়ায় গৃহবধূকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় জনতা একজনকে ধরে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। যশোরে চুরির চেষ্টার অভিযোগে শামীম নামে একজনকে গণপিটুনি দিয়ে মারা হয়। যশোরের মণিরামপুরে গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাঁকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়। ঢাকার কেরানীগঞ্জে এক গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রী ও তার মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এমন ঘটনা হরহামেশাই ঘটছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নাগরিক জীবনে রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে। নির্বাচন নির্বিঘ্ন করতে ও জনমনে স্বস্তি ফেরাতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়