‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’

প্রতিদিনের ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে এক অভিনব আন্দোলন শুরু হয়েছে। ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা)-কে ব্যঙ্গ করে তৈরি করা লাল বেসবল ক্যাপ এখন ডেনমার্কের মানুষের মধ্যে জনপ্রিয়। এই ক্যাপে লেখা আছে, ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ (আমেরিকা বিদায় হও)। সোশ্যাল মিডিয়া ও জনসমাবেশে, বিশেষ করে কোপেনহেগেনে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রতিবাদের পর এই টুপির জনপ্রিয়তা বেড়েছে। ইউরোপের দেশগুলো ডেনমার্ককে সমর্থন জানাচ্ছে এবং বলছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা জরুরি। তারা সতর্ক করছে, গ্রিনল্যান্ডের বিরুদ্ধে হুমকি পশ্চিমা নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু প্রতিবাদকারীরা সরাসরি অবস্থান নিয়েছে। ৭৬ বছর বয়সী কোপেনহেগেনের বাসিন্দা লার্স হারম্যানসেন বলেন, ‘আমি গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াতে চাই এবং দেখাতে চাই যে, আমি মার্কিন প্রেসিডেন্টকে পছন্দ করি না।’ প্রতিবাদে তিনি লাল টুপি পরেছিলেন। এই ব্যঙ্গাত্মক টুপি তৈরি করেছেন কোপেনহেগেনের ভিনটেজ পোশাকের দোকানের মালিক জেসপার রাবে টনেসেন। প্রথমে ২০২৫ সালে টুপিগুলো ভালো বিক্রি হয়নি, কিন্তু ট্রাম্পের গ্রিনল্যান্ড নীতির পরে চাহিদা বেড়ে গেছে। এখন এক সপ্তাহের মধ্যে কয়েক হাজার টুপি বিক্রি হয়ে গেছে। সূত্র : এপি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়