১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে দোকানিকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে খুনি নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছার সলুয়া বাজারে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর খুনি গণপিটুনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামটিতে উত্তেজনার পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত দুজনই যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) কিছুদিন আগে একই গ্রামের হযরত আলীর ছেলে পলাশের কাছ থেকে একটি জমি কিনেছিলেন। জমি বিক্রির পরও পলাশ ওই জমিতে তার মা ও বোনকে দিয়ে হক সেবা করান। বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম জমির হক সেবা বন্ধ করতে পলাশকে চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে। এই বিরোধের জের ধরেই মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রফিকুল ইসলাম নিজের মুদি দোকান খুলতে সলুয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি চৌগাছা থানার আওতাধীন সলুয়া কলেজসংলগ্ন আপেলের স’মিলের সামনে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা পলাশ তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখে একের পর এক কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে রফিকুল ইসলাম মারা যান। অন্যদিকে, হামলার পরপরই স্থানীয়রা পলাশকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জগহাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। রীতিমত থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছি এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিম এলাকায় তৎপর রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত রফিকুল ইসলাম ছিলেন শান্ত স্বভাবের মানুষ এবং এলাকায় তার সঙ্গে কারও বিরোধ ছিল না। বিপরীতে পলাশ মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি এলাকাবাসীর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়