রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে স্বতন্ত্র (কলস প্রতীকের) সংসদ সদস্য প্রার্থী মো: মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল পৌর বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং লোহাগড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ মর্যাদার ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন উল্লিখিত নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এর আগে গত ২১ জানুয়ারী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ)বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা) জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল) গণঅধিকার পরিষদ নুর ইসলাম (ট্রাক) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট শোয়েব আলী (ছড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মনিরুল ইসলাম (কলস) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

