২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুলিশ মাদকসেবীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরুদ্ধে। জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় নিজ বাড়ি থেকে ওই দুই জনকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুই ভাইকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও। আটক দুজন হলো– আমলা খামার পাড়া গ্রামের আব্দুল কাদের মালিথার ছেলে সুমন মালিথা (৪০) ও রুবেল হোসেন মালিথা (৩৫)। মিরপুর থানা পুলিশ জানায়, দুই ভাইকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। আটকের বিষয়টি মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ নিশ্চিত করেন। তবে দুই জনকে ছেড়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করতে চাননি পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, ‘তিন জন পুলিশ সন্ধ্যার পরে দুই মাদকসেবীকে ধরে নিয়ে এসেছিলেন। আমি জিজ্ঞেস করলে তারা বলেন, মাঝে মাঝে সেবন (মাদক) করেন। একজন আসলে প্রতিবন্ধী। তাদের মধ্যে একজনের পায়ের আঙুল নাই। আমরা সার্বিক বিবেচনা করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি আসলে মানবিক দিক বিবেচনা করে।’ অপরজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। মোবাইল কোর্টের নিয়ম হচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত থেকে সামনে অপরাধটা সংঘটিত হতে হয়। অপরাধীকে অপরাধ স্বীকার করতে হয়। তবে তারা বলেছেন আজকে কোনও মাদক সেবন করেননি। তবে মাঝে মাঝে খান।’ অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ‘আমরা দুই জনকে সেবনরত অবস্থায় পেয়ে তাদের আটক করি। তারপর মোবাইল কোর্ট করার জন্য দিয়েছিলাম।’ ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চাইলে করতে পারেন, ওটা তার এখতিয়ার। তবে সুযোগ আছে কি নাই, এটা তিনি ভালো জানেন।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়