নিজস্ব প্রতিবেদক
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আরও ১৩টি নতুন ক্লাবের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টিতে নিবন্ধিত ও সক্রিয় ক্লাবের সংখ্যা দাঁড়াল ৩৮টিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরওগতিশীল, সংগঠিত ও কার্যকর করতে রোববার (১ফেব্রুয়ারি) এসব ক্লাবের অনুমোদন দেওয়া হয়।নতুন ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে গত এক বছরে সংশ্লিষ্ট ক্লাবগুলোর কার্যক্রম,আর্থিক হিসাব,কমিটি গঠনের প্রক্রিয়া এবং গঠনতন্ত্র পর্যালোচনা শেষে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদনপ্রাপ্ত ক্লাবগুলোর মধ্যে সাতটি কেন্দ্রীয় ও ছয়টি বিভাগভিত্তিক ক্লাব রয়েছে। কেন্দ্রীয় ক্লাবগুলো হলো উন্নত মমশির, যবিপ্রবি; ইসলামিক কালচারাল সোসাইটি; ইসলামিক নলেজ সিকার সোসাইটি; এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট; জাস্ট রিসার্চ সোসাইটি; প্রবাহ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এবং জাস্ট স্পোর্টস ক্লাব। অন্যদিকে বিভাগভিত্তিক ক্লাবগুলোর মধ্যে রয়েছে ইইই ক্লাব, পিএমই ক্লাব,পিইএসএস ক্লাব, যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাব এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা আরও বিকশিত হবে।

