২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

নির্বাচনকে সামনে রেখে বিজিবির ডমিনেশন পেট্রোলিং ও বিভিন্ন পয়েন্টে তল্লাশি

উৎপল মণ্ডল, শ্যামনগর
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ এলাকার সাতক্ষীরা, বাগেরহাট এবং ঝালকাঠি জেলার অন্তর্গত সর্বমোট ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে ডমিনেশন পেট্রোলিং পরিচালনা এবং বিভিন্ন চেকপোস্ট ও সন্দেহভাজন পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও, অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।০৫ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র প্রধান কার্যালয়ে গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব এ তথ্য জানান।এতে জানানো হয়, নির্বাচনকালীন সময়কে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিতভাবে টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, হাটবাজার ও জনসমাগমপূর্ণ স্থানে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তির দেহ তল্লাশির মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ কার্যক্রম যেন সংঘটিত না হয়, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।স্থানীয়দের মাঝে বিজিবির এ ধরনের তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়