প্রতিদিনের ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই সেমিফাইনালিস্ট চারটি দলের নাম প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে তার পছন্দের তালিকায় অস্ট্রেলিয়া নেই। তিনি মনে করেন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড অথবা পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পেতে পারে। এছাড়াও তার ধারণা, স্বাগতিক দল হিসেবে ভারত অতিরিক্ত চাপে থাকবে। আইসিসি এবং ভারতীয় বোর্ডের নানা সমালোচনা থাকলেও, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে। মেগা আসর শুরু হতে যাচ্ছে এবং সাবেক ক্রিকেটাররা বিভিন্ন দেশের দল নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। এই প্রসঙ্গে এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, কোন দল শিরোপা জেতার দাবিদার এবং তাদের প্রস্তুতি কেমন। ভারতীয় দল সম্পর্কে তিনি বলেন, ‘ভারত একটি দারুণ ভারসাম্যপূর্ণ দল। তাদের ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে আছেন। সূর্যকুমার যাদব সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আর ইশান কিশানও ছন্দে আছেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ভিন্ন বিকল্পও রয়েছে অধিনায়কের হাতে। তবে, ভারত চাপে থাকবে, কারণ তারা স্বাগতিক এবং তাদের ওপর দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। মাঠের বাইরের নানা ইস্যুতেও ভারত অতিরিক্ত চাপ অনুভব করতে পারে।’
অন্যদিকে, এবি ডি ভিলিয়ার্স জানিয়ে দিয়েছেন, তার পছন্দের সেমিফাইনালিস্ট দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া নেই। তিনি বলেছেন, ‘কোনো দলকেই ফেলে দেয়া যাবে না। তবে আমার মতে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং একটি চতুর্থ দল হিসেবে পাকিস্তান, শ্রীলঙ্কা অথবা নিউজিল্যান্ড জায়গা পেতে পারে। কিউইরা সবসময় ডার্ক হর্স হয়ে থাকে, তারা যে কোনো সময় দারুণ কিছু করতে পারে।’ এছাড়া তিনি মনে করেন, প্রথম বিশ্বকাপ খেলতে আসা ইতালি এবার চমক দেখাতে পারে।

