৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নামাজ শেষে ভোটের আহ্বান, মসজিদ প্রাঙ্গণে লিফলেট বিতরণ

প্রতিদিনের ডেস্ক:
শুক্রবার জুমার নামাজ শেষ করে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থীর প্রচারণা চোখে পড়ছে। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের হাতে হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীরা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার নবদ্বীপ পোশাক লেনের বাইতুল নূর জামে মসজিদে জুমার জামাত শেষে নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা যায়। এসব লিফলেটে একটি কিউআর কোড সংযুক্ত ছিল, যা স্ক্যান করে ভোট সংক্রান্ত তথ্য জানা যাবে। এমন কথাও মুসল্লিদের জানাতে দেখা যায়। একই সময়ে মসজিদের ভেতরে ও বাইরে স্থানীয় একাংশকে নির্দিষ্ট প্রার্থীদের পক্ষে ভোট চাইতেও দেখা যায়। স্থানীয়রা জানান, মসজিদকেন্দ্রিক এলাকায় অন্যান্য প্রার্থীদের সমর্থকরাও প্রচারণায় সক্রিয় ছিলেন। নির্বাচন ঘিরে পুরান ঢাকায় প্রার্থীদের প্রচারণা দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি জনসভা অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় ধুপখোলা মাঠে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান জুমার নামাজের পর থেকে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, সূত্রাপুর এবং রেলওয়ে পার্কিং এলাকাজুড়ে (ডিআইটি প্লট চত্বর) গণসংযোগ চালাবেন বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়