১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজনীতিতে নামছেন অরিজিৎ সিং? মুখ খুললেন গায়ক

প্রতিদিনের ডেস্ক:
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ও বিভিন্ন সংবাদমাধ্যমে এমন গুঞ্জন চাউর হয়েছে। এমনকি ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একটি দলের হয়ে দাঁড়াবেন বলেও দাবি করা হচ্ছিল। অবশেষে এসব জল্পনা নিয়ে মুখ খুলেছেন এই গায়ক। সম্প্রতি অরিজিৎ সিং আবহ সংগীত থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়। ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম দাবি করে, অরিজিৎ সিং সক্রিয় রাজনীতিতে নামছেন। আবার, নিজের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর রটে।
পরবর্তীতে এই আলোচনার মোড় ঘোরে বিজেপিতে যোগদানের সম্ভাবনার দিকে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই গুঞ্জন বিনোদন দুনিয়া ছাপিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দেয়।
এ প্রসঙ্গে দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন অরিজিৎ। এক ভক্ত সরাসরি তার রাজনীতিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে মন্তব্যঘরে তিনি লেখেন, মানুষের কাজই হলো খবর তৈরি করা। লোক যা ইচ্ছা তাই বলে যাচ্ছে।
যদিও অরিজিতের এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট, এখনই রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা তার নেই। যদিও তার এক্স হ্যান্ডেলটি এখনো ‘ভেরিফায়েড’ বা নীল টিকযুক্ত নয়, তবে তার এই উত্তরটি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়