প্রতিদিনের ডেস্ক:
সৌদি প্রো লিগের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরোধ ইস্যুতে খোলামেলা আলোচনা করেছেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ টনি ক্রুস। রোনালদোকে ঘিরেই লিগটির উত্থান বলে দাবি করেছেন তিনি। তাই রোনালদো হঠাৎ করে সৌদি আরব ছাড়লে এই লিগের প্রতি দর্শক ও বৈশ্বিক আগ্রহ দ্রুতই ফিকে হয়ে যাবে বলেও মনে করছেন সাবেক এই মিডফিল্ডার। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে খেলেছেন টনি ক্রুস। এক সাক্ষাৎকারে পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কোনো রাখঢাক না রেখেই নিজের মতামত তুলে ধরেন তিনি। সাক্ষাৎকারে ক্রুস বলেন, সৌদি লিগ একেবারেই ভিন্ন এক জগৎ। ক্রিস্টিয়ানো আসার আগে এই লিগকে কেউ চিনতই না। আর এখন সেই মানুষটাকেই অসম্মান করা হচ্ছে, যিনি আন্তর্জাতিকভাবে তাদের পরিচিতি এনে দিয়েছেন। আমি বলছি, রোনালদো যদি কালই চলে যান, এই লিগ আর কেউ দেখবে না।
২০২২ সালে আল-নাসরে যোগ দেন রোনালদো বয়স ৪১ হলেও মাঠের পারফরম্যান্সে এখনো তিনি দলের অন্যতম ভরসা। তবে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ও ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে চলমান টানাপোড়েন তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রোনালদোর চুক্তিতে প্রায় ৪ কোটি ৩০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ রয়েছে। ফলে ইউরোপে প্রত্যাবর্তন কিংবা মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। রোনালদোর ‘ধর্মঘটের’ সূত্রপাত হয় বকেয়া বেতন ও ক্লাব পরিচালনা নিয়ে মতবিরোধ থেকে। অভিযোগ রয়েছে, ক্লাবের কিছু স্টাফের বেতন পরিশোধে বিলম্ব এবং নেতৃত্ব নিয়ে অসন্তোষ থেকেই মাঠে নামতে চাননি তিনি। চাপের মুখে পিআইএফ কিছু বকেয়া পরিশোধ করেছে। সেই সঙ্গে ডিসেম্বরে সরিয়ে দেওয়া সিইও হোসে সেমেদো ও স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহোকে পুনর্বহাল করার বিষয়েও আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে, ক্লাবের সঙ্গে মনমালিন্য একপাশে রেখে আবারও মাঠে নামছেন রোনালদো। সূত্রের বরাতে জানা গেছে, বুধবার আল-নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচে তিনি খেলবেন না। তবে শনিবার সৌদি প্রো লিগে আল-ফাতেহের বিপক্ষে ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

