৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আপস নয়, যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিদিনের ডেস্ক:
নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কর্মসূচি নিয়ে কোনও ধরনের আলোচনা বা সমঝোতা হবে না। বুধবার ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা এই অবস্থান তুলে ধরেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার এই বক্তব্য প্রচার হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন সংঘাত এড়াতে নতুন দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে তেহরান ও ওয়াশিংটন। গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকরা পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিলেন।ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিছিলে অংশ নিয়ে আলী শামখানি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনও আলোচনা হতে পারে না।এর আগে গত রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার এজেন্ডায় ছিল না।ওয়াশিংটন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনার পরিধি বাড়িয়ে তাতে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে হবে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে রাজি থাকলেও তার বিনিময়ে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছে। তবে পারমাণবিক ইস্যুর সঙ্গে অন্য কোনও বিষয়, বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যুক্ত করতে বারবার অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটি।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেকোনও চুক্তিতে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত করতে ট্রাম্পকে চাপ দেবেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়