নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যা গড়িয়ে রাত নামার সঙ্গে সঙ্গে যশোর-৩ (সদর) আসনের নির্বাচনী পরিস্থিতি ক্রমেই স্পষ্ট হতে থাকে। শুরুতে ছিল টানটান উত্তেজনা, দফায় দফায় এগিয়ে-পিছিয়ে যাচ্ছিলেন প্রার্থীরা। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি ঘুরে দাঁড়ায় বিএনপির অনুকূলে। ১৯০টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি পান ১,৭৩,০২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল্লা) পান ১,৬৫,১২৯ ভোট। শেষ দিকে ব্যবধান বাড়তে থাকায় বিএনপি শিবিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ৭,৮৯৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় অমিতের। ফল ঘোষণার পরপরই ধানের শীষের সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। সদরজুড়ে শোনা যায় স্লোগান, দেখা যায় উচ্ছ্বাস। নির্বাচনের শুরু থেকেই তাদের দাবি ছিল, জনগণের সমর্থন তাদের পক্ষেই আছে-চূড়ান্ত ফলাফল সেই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিয়েছে বলে মনে করছেন তারা। যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন বাদে) মোট ভোটার সংখ্যা ছিল ৬,১৩,৪৬০ জন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর দিন শেষে সেই অংশগ্রহণই নির্ধারণ করেছে ফলাফলের গতি, যা শেষ পর্যন্ত গেছে বিএনপির অনুকূলে।

