২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যবিপ্রবির এক গবেষণা গ্রুপ থেকে চার অ্যাওয়ার্ড, গবেষণায় অনন্য দৃষ্টান্ত

ইমরান হোসেন, যবিপ্রবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গবেষণাভিত্তিক শিক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের একটি মাস্টার্স থিসিস গ্রুপ। একই গবেষণা গ্রুপ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে চারজন শিক্ষার্থী অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্বীকৃতি, ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড ও ডিন’স অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা সকলেই ইএসটি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে স্নাতকোত্তর পর্যায়ের গবেষণা থিসিস সম্পন্ন করেছেন। গবেষণার মান, মৌলিকত্ব, প্রকাশনার সম্ভাবনা এবং সামাজিক ও পরিবেশগত প্রাসঙ্গিকতার ভিত্তিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে বায়তুন নাহার নীতিমা, মোঃ সজীবুর রহমান এবং খন্দকার রাশেদুল ইসলাম। অপরদিকে, একই বিভাগের শিক্ষার্থী পার্থ চন্দ্র দেবনাথ ডিন’স অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। সম্প্রতি যবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপাচার্য বলেন, গবেষণাভিত্তিক শিক্ষা ছাড়া একটি বিশ্ববিদ্যালয় কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। যবিপ্রবি শিক্ষার্থীরা যে মানসম্মত ও উদ্ভাবনী গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের এ ধরনের গবেষণামুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান সৃষ্টি, উদ্ভাবনী গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনায় আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়