নিজস্ব প্রতিবেদক
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। তিনি বলেন, জনগণের দেওয়া রায় একটি আমানত, যার মর্যাদা রক্ষা করা বিজয়ী সংসদ সদস্যদের নৈতিক দায়িত্ব। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা জানানো হয়। বক্তারা বলেন, এই বিজয় সাধারণ মানুষের আস্থা ও সংগঠনের দীর্ঘদিনের ত্যাগের ফল। সংবর্ধনা পাওয়া সংসদ সদস্যদের মধ্যে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলার বিভিন্ন আসনের প্রতিনিধিরা রয়েছেন। এ সময় দলের অঞ্চল ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

