প্রতিদিনের ডেস্ক
উরুর চোটের কারণে বার্সেলোনার হয়ে সবশেষ তিনটি ম্যাচ মিস করেছেন রাফিনিয়া। কোপা দেল রে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে দলের বিধ্বস্ত হওয়া ম্যাচেও দর্শক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে লা লিগায় জিরোনার বিপক্ষে দেখা যাবে তাকে।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক রাফিনিয়া খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও হাঁটুর চোটের কারণে মার্কাস রাশফোর্ডকে আজও পাওয়া যাবে না। রাফিনিয়ার ফেরায় জিরোনাকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠতে চায় কাতালানরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘রাশফোর্ড খেলতে পারবে না। যদিও সে আগের চেয়ে ভালো আছে। তবে রাফিনিয়া খেলতে পারবে। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তাকে মিস করেছি। আমি অনুশীলনে দেখছি, সে সবসময় উন্নতি করে।
মাসখানেক আগে পাওয়া পেশির চোটে এখনও মাঠের বাইরে আছেন পেদ্রি। আর আগস্টের পর মাঠের বাইরে থাকা গাভিকেও দেখা যাবে না শিগগিরই। ফ্লিক বলেন, ‘পেদ্রি শিগগিরই ফিরবে। গাভি হয়তো ফেব্রুয়ারিতে ফিরবে না, তবে পরের মাসে ফিরবে।’নিজেদের সবশেষ লিগ ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে আজ রাতে স্তাদিও মিউনিসিপাল মিন্টিলিভিতে কঠিন লড়াই অপেক্ষা করছে মনে করেন ফ্লিক। জার্মান কোচ বলেন, জিরোনা একটি সুসংগঠিত এবং সাহসী দল। যারা বল ভালোভাবে বল দখলে নিতে পারে। আমাদের আরও বেশি গতিশীলতা দেখাতে হবে। নিজেদের শেষ তিনটি লিগ ম্যাচে জয় পায়নি জিরোনা। সর্বশেষ ম্যাচে তারা সেভিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছে। বর্তমানে লিগ টেবিলে ১৪তম স্থানে নেমে গেছে জিরোনা।

