৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রতিদিনের ডেস্ক
নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে হারতে হারতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। শেষ ওভারে ফারজানা ইয়াসমিন চার-ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দেন।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৩ রান করে থাইল্যান্ড। জবাবে ১ বল ও তিন উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় বাংলাদেশ নারী দল।
এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২ ম্যাচে মেয়েদের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট পাবে।
লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চাপ সামলে উঠতে না উঠতে একের পর এক উইকেট হারাতে থাকে। ইনিংসের মাঝপথে দলকে গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন দলনেতা ফাহিমা ও লতা মণ্ডল। আর শেষদিকে ফারজানা ইয়াসমিনের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় বাংলাদেশ। শেষ ৬ ওভারে মাত্র ৩২ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে উইকেট ছিল পাঁচটি। সেখান থেকে শেষ ওভারে দরকার পড়ে ১২ রানের। মন্থর গতির পিচে যা ছিল প্রায় অসম্ভব। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারজানা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। ২৬ রান করেন শারমিন সুলতানা। আর ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা ইয়াসমিন। ১২ রান করেন ফাহিমা খাতুন। বাকিরা কেউ দশের কোটা পূরণ করতে পারেননি।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি থাইল্যান্ডের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই। নাটথাকান ছানথামের ব্যাট থেকে আসে ২৪ রান। এছাড়া কেউই বিশের ঘর স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও শরিফা খাতুন। একটি করে উইকেট নেন তিনজন বোলার।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়