প্রতিদিনের ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। দেশটির স্থানীয় সময় বিকেল পাঁচটায় এআই সামিটের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ডয়চে ভেলের। খবরে বলা হয়েছে, দিল্লির ভারত মণ্ডপমে এই এআই সামিট আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সামিটে জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডসহ ১৩টি দেশের প্যাভিলিয়ন আছে। চারদিনে পাঁচশটি সেশন হবে। সেখানে তিন হাজার ২৫০ জন আন্তর্জাতিক ও ভারতীয় বিশেষজ্ঞ অংশ নেবেন।ডিজিটাল দুনিয়ায় ভারতীয় ও বিদেশি প্রায় সব উল্লেখযোগ্য সংস্থার প্রধানরা এখানে অংশ নেবেন। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার ভারতে আসছেন। মুম্বাইতে তিনি মোদির সঙ্গে বৈঠক করবেন। তিনি এআই শীর্ষবৈঠকেও অংশ নেবেন। এআই সামিটের আগে মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে বলেছেন, ‘এআই এখন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রকে বদলে দিচ্ছে। এআই সামিটের ফলে এআই-এর ব্যবহার, সহযোগিতা, দায়িত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে যা ভবিষ্যতকে বদলে দেবে।

