প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা পেতে যদি-কিন্তুর জটিল সব সমীকরণের সামনে ছিল অস্ট্রেলিয়া। যদিও শেষ পর্যন্ত প্রকৃতি তার রায় দিয়ে দিয়েছে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ। আর তাই সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। এক পয়েন্ট ভাগাভাগি হওয়াতেই এখন আর কোনও সমীকরণের মূল্য থাকছে না। অস্ট্রেলিয়ার ভাগ্য অনেকটাই আয়ারল্যান্ডের ওপর নির্ভর করছিল। মঙ্গলবার আইরিশ দল যদি জিম্বাবুয়েকে হারাতে পারতো তাহলেই কিছুটা আশা টিকে থাকতো। তার ওপর সুপার এইট নিশ্চিত করা শ্রীলঙ্কাকেও বৃহস্পতিবার জিম্বাবুয়েকে হারাতে হতো। এরপর শেষ গ্রুপ ম্যাচে ওমানের বিপক্ষে জিততে পারলেই কেবল টিকে থাকার সম্ভাবনা থাকতো অস্ট্রেলিয়ার। কিন্তু চেন্নাইয়ে এদিন বৃৃষ্টিতে টসটাও করা যায়নি। যার ফলে গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে পরের পর্বের টিকিট কেটেছে সিকান্দার রাজার দল। আর বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। বিদায় নিশ্চিত হয়েছে আইরিশদেরও। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। শুক্রবার ওমানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও সিকান্দার রাজার দলকে আর টপকাতে পারবে না অজিরা। সিকান্দার রাজার নেতৃত্বে এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট বা দ্বিতীয় পর্বে উঠলো জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেট ইতিহাসে যা নতুন মাইলফলক। অন্যদিকে, ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য এটি লজ্জাজনক অধ্যায়। এর আগে শুধু ২০০৯ সালেই গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল তারা।

