প্রতিদিনের ডেস্ক
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন এক সমীকরণে অস্ট্রেলিয়া। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সুপার এইট ভাগ্য নির্ভর করছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় এবং আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচের ফল।
মঙ্গলবার পল্লেকেলে ‘বি’ গ্রুপের বাঁচা-মরা ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার কথা আয়ারল্যান্ডের। বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। আজকের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে কিংবা জিম্বাবুয়ে জয় পেলে কেমন সমীকরণ দাঁড়াবে। আর আইরিশরা জয় পেলে শেষ আটে কারা যাচ্ছে, তা নিয়ে সবার মাথা ব্যথা।
‘বি’ গ্রুপে শীর্ষে শ্রীলঙ্কা। লঙ্কানদের তিন ম্যাচে তিন জয়। ৬ পয়েন্ট। হাতে অবশিষ্ট একটি ম্যাচ। সবার আগে সুপার এইট নিশ্চিত লঙ্কানদের। জিম্বাবুয়ের পয়েন্ট ৪। টানা দুই জয় তাদের। হাতে দুটি ম্যাচ। অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের পয়েন্ট সমান। একটি জয় এবং দুটি পরাজয় তাদের। আর ওমান তিন ম্যাচের একটিতেও জিতেনি। পাল্লেকেলে আজ আয়ারল্যান্ড জিতুক এটাই চাইবে অস্ট্রেলিয়া। আসরে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স এখন পর্যন্ত বেশ হতাশাজনক। তাদের কোয়ালিফাই করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শেষ গ্রুপ ম্যাচে ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিততেই হবে, পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড দু’দলকেই জিততে হবে। তবেই বাঁচতে পারে অস্ট্রেলিয়ার আশা। মঙ্গলবার যদি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারায়, তাহলে ওমানের বিপক্ষে মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া।
পল্লেকেলেতে টানা বৃষ্টির কারণে পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। পূর্বাভাসে বলা হচ্ছে, ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়ে গেছে। ম্যাচ যদি পরিত্যক্ত হয় (নো রেজাল্ট), তাহলে সেটাই জিম্বাবুয়ের জন্য যথেষ্ট হবে সুপার এইটে ওঠার জন্য আর তাতে অস্ট্রেলিয়া বাদ পড়বে। জিম্বাবুয়ের এখন দুই ম্যাচে চার পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে তাদের পয়েন্ট হবে পাঁচ, যা কোয়ালিফাই করার জন্য যথেষ্ট।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার পয়েন্ট মাত্র দুই, হাতে আছে একটিই ম্যাচ। তারা যদি ওমানকে হারিয়েও চার পয়েন্টে পৌঁছায়, তবুও জিম্বাবুয়ে এক পয়েন্ট পেলেই অস্ট্রেলিয়ার আর কোনো সুযোগ থাকবে না। টুর্নামেন্ট শুরুতে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে ভালো সূচনা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর টানা দুই ম্যাচে হারে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে এবং শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে বড় ব্যবধানে।
এখন অস্ট্রেলিয়ার ভরসা একটাই বৃষ্টি যেন বাধা না দেয়, আর আয়ারল্যান্ড যেন জিম্বাবুয়ের বিপক্ষে জিতে তাদের টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখে।

