প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ শান্তিপূর্ণ আখ্যায়িত করে আক্ষেপ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলন তিনি এ মনোভাব প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা বলেন, যেখানে প্রতিবেশী দেশে নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে, সেখানে ভারতে, বিশেষত বাংলায়, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন? বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, অথচ ভারতে বিশেষ করে বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগেই বাংলাদেশের নির্বাচন হয়েছে। প্রত্যেকে ভেবেছিল হয়তো সহিংসতা হবে, গণ্ডগোল হবে। কিন্তু দেখলেন কেমন শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে সেখানে। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এক্ষেত্রে কমিশনের কাছে এটা খুবই লজ্জাজনক বিষয়। এটা তাদের দেখা উচিত।ভারতের নির্বাচন কমিশনকে নিশানা করে কমিশনকে তুঘলকি কমিশন হিসাবে আখ্যায়িত করে মমতার অভিযোগ করেন, আপনাদের এই থ্রেট কালচার পুরো গণতন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে বুলডোজ করে দিয়েছে। এটা গণতন্ত্রকে খতম করার একটা চক্রান্ত। এমনকি রাজতন্ত্রেও এটা হয়নি।এরপরই কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি ও নির্বাচন কমিশনারকে একযোগে তোপ দেগে মমতা ব্যানার্জি বলেন, নির্বাচন কমিশন প্রত্যেকটি জেলা শাসকদের হুমকি দিয়ে বলছেন আপনাদের চাকরি আমার হাতে। কিন্তু আপনার চাকরি কার হাতে? ২০২৬ সালের পর তো কেন্দ্রের এই সরকারই থাকবে না। এইটুকু আমরা বলে দিচ্ছি। ভালো করে খোঁজ রাখুন।

