২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রমজানে শরীর চাঙ্গা রাখবে দুধ তোকমার শরবত

প্রতিদিনের ডেস্ক:
সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর শরীর স্বাভাবিকভাবেই ক্লান্ত ও পানিশূন্য হয়ে পড়ে। ইফতারে এমন একটি পানীয় দরকার, যা একদিকে শক্তি জোগাবে, অন্যদিকে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখবে। দুধ তোকমার শরবত হতে পারে সেই উপযুক্ত সমাধান।তোকমা বীজের শীতল প্রভাব ও দুধের পুষ্টিগুণ মিলিয়ে এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, বরং রোজার ক্লান্তি কাটিয়ে শরীরকে দ্রুত চাঙ্গা করে তোলে। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই স্বাস্থ্যকর ও পুষ্টিকর শরবত। রইলো রেসিপি-উপকরণ
দুধ ১ গ্লাস
তোকমার দানা ১ টেবিল চামচ
চিনি ১ টেবিল চামচ
বরফকুচি ২ টেবিল চামচ
রুহ-আফজা ১/২ চা চামচ
পানি পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমেই দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। অন্যদিকে শরবত বানানোর জন্য ৩০ মিনিট আগে এক গ্লাস খাবার পানিতে তোকমার দানা ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভিজিয়ে রাখা তোকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। এরপর তাতে চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে বরফকুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন স্বাস্থ্যকর ও মজাদার এই শরবত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়