১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝটপট রাঁধুন লোভনীয় স্বাদের শসা-চিংড়ি

প্রতিদিনের ডেস্ক:
গরমের দিনে ভারী ঝোল-ঝাল নয়, অনেকেই চান হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু একটা। এমন সময়ে রান্নাঘরে খুব বেশি সময় না দিয়েও তৈরি করা যায় দারুণ একটি পদ শসা-চিংড়ি। টাটকা শসার মচমচে সতেজতা আর চিংড়ির লোভনীয় স্বাদ মিলিয়ে এটি হতে পারে ভাত বা পোলাওয়ের চমৎকার সঙ্গী। মজাদার এই পদটি অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পারিবারিক খাবারের টেবিলেও এনে দেবে ভিন্ন স্বাদ। রইলো রেসিপি-
উপকরণ
চিংড়ি (মাঝারি) ২৫০ গ্রাম
শসা আধা কেজি
পেঁয়াজকুচি আধা কাপ
আদাবাটা আধা চা-চামচ
রসুনবাটা আধা চা-চামচ
হলুদগুঁড়ো ১ চা-চামচ
মরিচগুঁড়ো আধা চা-চামচ
কাঁচামরিচ ৪-৫ টি
লবণ স্বাদমতো
টমেটো ১টি
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
সর্ষের তেল ১ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই চিংড়ি কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। অন্যদিকে শসার সবুজ আবরণ ও ভেতরের বিচির অংশ ফেলে লম্বা করে কেটে ধুয়ে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর তাতে হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, চিংড়ি দিয়ে কয়েক মিনিট ভাজুন। ভাজা হলে তাতে আদাবাটা, রসুনবাটা দিন। প্রয়োজনে অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।চিংড়ি কষানো হয়ে গেলে তাতে শসার টুকরা দিয়ে নাড়ুন। কিছুক্ষণ কষানোর পর তাতে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে তাতে টমেটোর টুকরা দিন। সবশেষে ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের শসা-চিংড়ি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়