নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটক ইব্রাহিম বিরামপুর পশ্চিমপাড়া এলাকার ইসাহাক গাজীর ছেলে। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ তানিম ইসলাম কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা পুলেরহাট কৃষ্ণবাটি এলাকায় অভিযান চালান। সেখানে রুস্তম আলীর বাড়ির উঠানে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। অভিযানকালে ইব্রাহিমকে আটক করা হয় এবং তার পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ইব্রাহিম একজন চিহ্নিত দুর্বৃত্ত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে আরও একটি মামলা হয়েছে। ২১ ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

