প্রতিদিনের ডেস্ক:
ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় নিজেদের বিয়ের দিনই রহস্যজনকভাবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। স্থানীয় গণমাধ্যম ও এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার যোধপুরের মানানি গ্রামের বাসিন্দা শোভা (২৫) ও বিমলা (২৩) নামে দুই বোনের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। আত্মীয়স্বজনের আনাগোনা, সাজসজ্জা ও অন্যান্য আয়োজন নিয়ে পুরো পরিবারই ছিল ব্যস্ত।কিন্তু গভীর রাতে হঠাৎ করেই দুই বোনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও দ্রুত তাদের অসুস্থতা বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাদের যোধপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর দুই বোনকেই মৃত ঘোষণা করেন।যোধপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) রোশন মীনা জানিয়েছেন, ভোরের দিকে দুই তরুণীর শারীরিক অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আর তাদের বাঁচাতে পারেননি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা কোনো বিষাক্ত পদার্থ গ্রহণ করেছিলেন। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

