১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মায়ের জন্মদিনে আবেগপ্রবণ ঋতুপর্ণা

প্রতিদিনের ডেস্ক
মা মানেই এক পরম নির্ভরতা, এক গভীর আবেগ। সেই প্রিয় মানুষটি পাশে নেই আজ দেড় বছর। কিন্তু টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতিটি নিশ্বাসে আজও মিশে আছেন তার মা। দীর্ঘ অসুস্থতার পর মা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, তবে মেয়ের স্মৃতিতে তিনি অমলিন। মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা ও ফেলে আসা মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছেন এই তারকা। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ঋতুপর্ণার মা। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের সেই চলে যাওয়া ঋতুপর্ণার জীবনে তৈরি করেছে এক বিশাল শূন্যতা।
মায়ের জন্মদিনে পুরনো দিনের একটি সুন্দর সন্ধ্যার স্মৃতিচারণ করে ঋতুপর্ণা লেখেন, ‘শুভ জন্মদিন মা। তোমার আশীর্বাদ আর স্মৃতিগুলো আমি মনের গভীরেই যত্ন করে রেখেছি। তোমায় খুব মিস করি মা। আজকের এই দিনে তুমি যেখানেই থাকো না কেন, তোমার প্রিয় জিনিসগুলো নিয়েই থেকো, উদযাপন করো।’
মায়ের অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে অভিনেত্রী আরও জানান, সেই সময়টা ছিল তার জীবনের অন্যতম কঠিন এক অধ্যায়। রক্তচাপ কমে যাওয়া থেকে শুরু করে হাসপাতালের সেই যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো আজও তাকে তাড়িয়ে বেড়ায়। আবেগে আপ্লুত ঋতুপর্ণা আরও লেখেন, ‘তুমি চলে যাওয়ার পর থেকে এই শূন্যতা যেন প্রতিদিন আরও বাড়ছে। প্রতিটি মুহূর্তে তোমাকে ছাড়া জীবন কল্পনা করাও আমার জন্য অসম্ভব। তোমাকে অনেক ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি।’
উল্লেখ্য, পর্দার ব্যস্ততার মাঝেও ঋতুপর্ণা সবসময়ই পরিবার-ঘনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত। বিশেষ করে মায়ের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা সামাজিক মাধ্যমে নেটিজেনদেরও বেশ আবেগপ্রবণ করে তুলেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়