১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৯ মামলার আসামি গ্রেফতার

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় র‍্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে দেবহাটা উপজেলার সখিপুর এলাকা থেকে স্বর্ণ ও রুপার গহনাসহ ১৯ মামলার আসামি চিহ্নিত ডাকাত রেজাউল ইসলাম গাজীকে (৪৫) গ্রেফতার করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার রেজাউল গাজী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে দেবহাটা উপজেলার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রেজাউল একাধিক ডাকাতি মামলার এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা চেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রূপার চুড়ি ও ব্রেসলেট, ৫টি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ মালদ্বীপের রুপি ও ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাস, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়