প্রতিদিনের ডেস্ক
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে ‘প্রাণহীন পুতুল’ বলে আখ্যা দিয়েছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে, ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের মতোই পরিণতি হবে তার। শনিবার রাতে প্রকাশিত একটি অডিও বার্তায় আবু হুজাইফা আল-আনসারি নামে পরিচয় দেওয়া আইএসের মুখপাত্র বিশ্বজুড়ে আইএস অনুসারীদের উদ্দেশে নতুন হামলার ডাক দেন। এছাড়া সংগঠনের সমর্থকদের আগের মতোই ইহুদি ও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানান। অডিও বার্তায় আল-আনসারি আইএসের বর্তমান নেতা আবু হাফস আল-হাশেমি আল-কুরাইশিরর পক্ষ থেকে সংগঠনের যোদ্ধাদের শুভেচ্ছাও জানান। প্রায় তিন বছর আগে আল-হাশেমিকে আইএসের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে সিরিয়া, ইরাক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী হামলা চালানোর প্রেক্ষিতে আইএসের পক্ষ থেকে নতুন বার্তা এল। গোষ্ঠীটির পক্ষ থেকে দায় স্বীকার করা সাম্প্রতিক হামলাগুলোতে বহু হতাহত হয়েছে।
গত ডিসেম্বর মধ্য সিরিয়ায় একটি হামলায় তিন মার্কিন নাগরিক নিহত হয়। ওই হামলার জন্য আইএসকে দায়ী করা হলে যুক্তরাষ্ট্র সিরিয়ায় নিষিদ্ধ গোষ্ঠীটির সন্দেহভাজন ঘাঁটিগুলোর ওপর ব্যাপক বিমান হামলা চালায়। ২০১৭ সালে ইরাকে এবং দুই বছর পর সিরিয়ায় পরাজিত হওয়ার পরও আইএসের ‘স্লিপার সেল’গুলো এখনও উভয় দেশে হামলা চালিয়ে যাচ্ছে। একসময় এই দুই দেশেই তারা তথাকথিত খেলাফত ঘোষণা করেছিল। চলতি মাসের শুরুতে জাতিসংঘ মহাসচিব এক প্রতিবেদনে জানান, গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে পাঁচটি হত্যাচেষ্টা চালানো হয়, যার সবকটি ব্যর্থ করা হয়েছে। ওই প্রতিবেদনে আইএসের হুমকির কথাও তুলে ধরা হয়।
২০২৪ সালের ডিসেম্বরে আহমদ আল-শারার নেতৃত্বে তার সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দামেস্ক অভিমুখে অগ্রসর হয়ে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এরপর এক সময়ের আল-কায়েদার শীর্ষ নেতা আল-শারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করেন। গত বছর তিনি ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথম কোনও রাষ্ট্রপ্রধান হিসেবে ওয়াশিংটন সফর করেন। এ প্রসঙ্গ টেনে আইএস মুখপাত্র আল-আনসারি অডিও বার্তায় বলেন, “সিরিয়ায় ইরান ও আসাদকে সরিয়ে মার্কিন প্রভাবাধীন একটি শাসনব্যবস্থা বসানো হয়েছে। আজ সিরিয়া ক্রুসেডারদের দ্বারা শাসিত হচ্ছে। তারা এমন একজন নেতাকে বসিয়েছে, যে প্রাণহীন পুতুল।”
তিনি সিরিয়ায় নতুন হামলার হুমকি দিয়ে আরও বলেন, “সিরিয়া এখন প্রতিরোধের এক নতুন যুগে প্রবেশ করেছে এবং শেষ পর্যন্ত জিহাদের কাফেলাগুলো দেশটিতে অগ্রসর হবে।”অডিও বার্তায় সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়ার কারাগারগুলো থেকে ৫ হাজার ৭০৪ জন সন্দেহভাজন আইএস বন্দিকে ইরাকে স্থানান্তরের বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে আল-আনসারি বলেন, “ওই বন্দিদের নিয়ে সবাই আতঙ্কিত। বন্দিরা যেন পালাতে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা।”
এছাড়া তিনি আল-হোল শরণার্থী শিবির নিয়েও কোনও মন্তব্য করেননি। একসময় সেখানে আইএস-সংশ্লিষ্ট নারী ও শিশুসহ ২৪ হাজারের বেশি মানুষ ছিলেন। গত মাসে যুক্তরাষ্ট্র-সমর্থিত ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর কাছ থেকে সরকারপন্থি বাহিনী ক্যাম্পটি নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় ফাঁকা হয়ে গেছে। তবে আল-আনসারি স্বীকার করেন, গত দুই বছরে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোটের হামলায় অনেক যোদ্ধা হারিয়েছে আইএস। সূত্র: এপি

